Tuesday, March 1, 2011
ইউনিপেটুইউ সব এমএলএম কোম্পানির ব্যবসার বৈধতা খতিয়ে দেখার সুপারিশ
ইউনিপেটুইউ
সব এমএলএম কোম্পানির ব্যবসার বৈধতা খতিয়ে দেখার সুপারিশ
অনলাইন ডেস্ক | তারিখ: ২৭-০২-২০১১
দেশে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনাকারী সব কোম্পানির লাইসেন্সের বৈধতা খতিয়ে দেখা এবং এর জন্য পৃথক আইন প্রণয়নের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সুপারিশ করা হয়।
ইন্টারনেটে অর্থ সংগ্রহের মাধ্যমে প্রতারণাকারী এমএলএম কোম্পানিগুলো চিহ্নিত করে তাদের ওয়েবসাইট ব্লক করে দেওয়ারও সুপারিশ করেছে কমিটি।
সভা শেষে সংসদ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম আরও জানান, সংসদীয় কমিটিকে এমএলএম ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের মোট সংখ্যা জানাতে পারেনি মন্ত্রণালয়। কমিটির পরবর্তী সভায় এ ধরনের সব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।
আবুল কাশেম বলেন, এমএলএম কোম্পানিগুলো নিয়ন্ত্রণের জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছিল। তবে এ ক্ষেত্রে নীতিমালাই যথেষ্ট নয়। তাই এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এই আইনের খসড়া চূড়ান্ত হবে। আইন হয়ে গেলে কোনো এমএলএম কোম্পানি আর জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না।
আবুল কাশেম আরও বলেন, ইউনিপেটুইউসহ যেসব এমএলএম কোম্পানি ইন্টারনেটে অর্থ সংগ্রহের মাধ্যমে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে ই-কমার্স মামলা আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
কমিটির আগামী বৈঠকের আগেই এ জাতীয় প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নেরও সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ সময় কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, তহুরা আলী, টিপু মুনশি, রুমানা মাহমুদ ও শেখ আফিল উদ্দিন এই সভায় উপস্থিত ছিলেন। বাসস।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment